সিলেটে চাঞ্চল্যকর শিশু ফাহিমা আক্তার (৪) হত্যার মামলার আসামিকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি জাকির হোসেন (৩০) সিলেটের জালালাবাদ থানার সোনাতলা পশ্চিমপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে। গত সোমবার রাত ১১টার দিকে সোনাতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হলে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়। জিজ্ঞাসাবাদে জাকির ফাহিমা হত্যাকাণ্ডে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ জানায়, জাকিরের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় টেকেরবাড়ি এলাকার খাল থেকে ফাহিমার লাশ গুমের কাজে ব্যবহৃত একটি চাদর উদ্ধার করা হয়। এছাড়া, তার শয়নকক্ষে শিশু ফাহিমার লাশ স্থানান্তরের কাজে ব্যবহৃত একটি কালো বাক্স এবং শয়নকক্ষের খাটের নিচ থেকে রক্তমাখা বালিশ উদ্ধার করা হয়।
জাকির জানায়, গত ৬ মে সকালে ফাহিমাকে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে ফাহিমা অজ্ঞান হয়ে গেলে জাকির তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর লাশটি নিজের ঘরে লুকিয়ে রাখে। ৮ মে ভোরে লাশটি তার বাড়ির পাশের একটি ডোবায় লুকিয়ে রাখে, তবে পরে তা ভেসে ওঠে।
এ ঘটনায় জাকিরকে কারাগারে পাঠানো হয়েছে।