সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের মধ্যে ইতোমধ্যে ২২ হাজারকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।
বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি, সৌদি আরবে বসবাসরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট ইস্যু, পর্যটন ও জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম দেশ। জনশক্তি রপ্তানির পাশাপাশি জ্বালানি ও পর্যটন খাতে দেশটির বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি এসব খাতে সহযোগিতা বাড়াতে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুর বিষয়ে রাষ্ট্রদূত প্রক্রিয়াটি আরও দ্রুততর করার ওপর গুরুত্বারোপ করলে মন্ত্রী জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের ভিত্তিতে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া হয়েছে এবং এ কার্যক্রম ত্বরান্বিত করতে বাংলাদেশ থেকে বিশেষ টিম পাঠানো হয়েছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পাসপোর্ট প্রদানে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। যেসব মিয়ানমার নাগরিক প্রয়োজনীয় শর্ত পূরণ করেছেন, তাদের দ্রুত পাসপোর্ট প্রদান নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা নিয়ে পুনরায় যাচাই-বাছাইয়ের কথাও উল্লেখ করেন তিনি।
বৈঠকে রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। জবাবে মন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে আগামী জুলাইয়ের প্রথমার্ধে সফরের সম্ভাবনার কথা জানান।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।