স্বাস্থ্য খাতকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, বর্তমান সরকারের বড় সাফল্য অনেকাংশে স্বাস্থ্য খাতের উন্নয়নের ওপর নির্ভর করছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক রোগী যেসব হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, সেসব প্রতিষ্ঠানে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি দক্ষ জনবল তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের পরিকল্পনার কথা তুলে ধরে সরদার সাখাওয়াত হোসেন বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে চিকিৎসকদের দক্ষতা বাড়াতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সেবার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালটি উদ্বোধন করেছিলেন। দীর্ঘ ২১ বছর পর সেখানে আইসিইউ সেবা সম্প্রসারণ করা হয়েছে। নতুন করে ৪০টি আইসিইউ শয্যা যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নত করতে অবকাঠামো ও সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি দক্ষ জনবল তৈরির ওপরও সরকার গুরুত্ব দিচ্ছে।