জ্বালানি নিরাপত্তা জোরদার করতে সরকার আগামী ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে নবায়নযোগ্য জ্বালানি খাতে নীতিগত সংস্কার, বিনিয়োগ সহজীকরণ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের বিষয়গুলো মন্ত্রিসভার বৈঠকে আলোচিত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
তিনি জানান, এ লক্ষ্যে ‘নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫’, বিনিয়োগবান্ধব কাঠামো এবং নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, শুধু সরকারি জমি নয়, বেসরকারি উদ্যোক্তাদের জন্যও বড় পরিসরে বিনিয়োগের সুযোগ রাখা হবে।
মন্ত্রিপরিষদ সচিবের ভাষ্য অনুযায়ী, বিদ্যমান নীতিমালাকে আরও কার্যকর ও লাভজনক করে তুলতে তা পুনর্মূল্যায়ন করা হচ্ছে, যাতে উদ্যোক্তারা সহজে বিনিয়োগ করতে পারেন। এ উদ্দেশ্যে একটি খসড়া কমিটিও প্রস্তুত করা হয়েছে, যা প্রয়োজনীয় আইন ও নীতিমালা চূড়ান্ত করে দ্রুত কাজ শুরু করবে।
তিনি আরও বলেন, বৈঠকে বায়ুশক্তি ও বায়োগ্যাস নিয়েও আলোচনা হয়েছে, তবে ১০ হাজার মেগাওয়াটের নির্দিষ্ট লক্ষ্যটি সৌরবিদ্যুতের জন্যই নির্ধারিত। পাশাপাশি, সোলার প্রযুক্তিকে আরও আধুনিক ও টেকসই করতে দেশীয় উৎপাদনের ওপরও জোর দেওয়া হচ্ছে।
এদিনের মন্ত্রিসভা বৈঠকে আরও দুটি সিদ্ধান্ত নেওয়া হয়। একটি হলো ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পুনঃপ্রবর্তন, এবং অন্যটি প্রতি বছরের ৬ জুলাইকে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালন।