দেশে নতুন বিনিয়োগ বাড়াতে এবং কর্মসংস্থান তৈরি করতে বেসরকারি খাতকে সব ধরনের সহায়তা দেবে সরকার বলে জানিয়েছেন শিল্প, পাট ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সরকারের লক্ষ্য দ্রুত বিভিন্ন খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।
বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) ও বাংলাদেশ জুট অ্যালায়েন্স লিমিটেড (টিকে গ্রুপ)-এর মধ্যে জমি লিজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার পরিচালিত প্রতিষ্ঠানের তুলনায় বেসরকারি খাতের ব্যবস্থাপনা অনেক বেশি কার্যকর। তাই বেসরকারি খাতে নতুন বিনিয়োগের সুযোগ বাড়ানো গেলে উৎপাদন বাড়বে, পাশাপাশি কর্মসংস্থানও সৃষ্টি হবে।
তিনি বলেন, সরকার সর্বোচ্চ সক্ষমতা দিয়ে কাজ করছে। যত দ্রুত সম্ভব বিভিন্ন খাতে নতুন কর্মসংস্থান তৈরি করাই সরকারের লক্ষ্য।
অনুষ্ঠানে জানানো হয়, বিজেএমসির বন্ধ পাটকলগুলোতে বেসরকারি বিনিয়োগ আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ পর্যন্ত উৎপাদন বন্ধ থাকা ২৫টি মিলের মধ্যে ২০টি লিজ দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। এরই মধ্যে ১৪টি মিলের লিজ চুক্তি হয়েছে এবং ৯টি মিলে উৎপাদন শুরু হয়েছে।
বর্তমানে এসব মিলে প্রায় ৯ হাজার ৫০০ মানুষের কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন প্রায় ১৬০ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদিত হচ্ছে।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেন, নরসিংদীর বাংলাদেশ জুট মিলস লিমিটেডে অতিরিক্ত ১৪ দশমিক ৮০ একর জমি লিজ নিয়ে বাংলাদেশ জুট অ্যালায়েন্স লিমিটেড প্রায় ১ হাজার ৫০ কোটি টাকা নতুন বিনিয়োগ করবে।
তিনি বলেন, এই বিনিয়োগের মাধ্যমে বছরে প্রায় ৩ হাজার কোটি টাকার পণ্য উৎপাদন সম্ভব হবে। একই সঙ্গে নতুন করে প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব ড. খায়রুজ্জামান চৌধুরী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।