টানা কয়েক দিনের বর্ষণে এমনিতেই নাকাল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল। এর মধ্যেই নতুন দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস।
সোমবার (১৩ জুলাই) এক পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সোমবারও রাজধানীসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে দিনভর ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
এর ফলে একদিকে যেমন ঢাকার রাস্তায় দেখা দিতে পরে চিরচেনা জলাবদ্ধতা, অন্যদিকে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা তৈরি হয়েছে।
এতে আরও বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, উল্লিখিত অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এই বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত (পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত) দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।