হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুনর্বহালের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৯ শতাংশের বেশি বেড়ে এক মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) ওয়াশিংটন সময় বিকেল ৪টা (গ্রিনিচ মান সময় ২০০০) থেকে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ পুনর্বহাল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গত জুনের মাঝামাঝি এই অবরোধ প্রত্যাহার করা হয়েছিল।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান গেলবার অ্যান্ড অ্যাসোসিয়েটস বলেছে, ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞা, পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কমে যাওয়ার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
লেনদেন শেষে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৭ দশমিক ২৯ ডলার বা ৯ দশমিক ৫৯ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ৩০ ডলারে ওঠে।
অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬ দশমিক ৭৩ ডলার বা ৯ দশমিক ৪২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ১৪ ডলারে দাঁড়ায়।
এদিন ব্রেন্ট ক্রুডের দাম ২ এপ্রিলের পর সবচেয়ে বড় একদিনের মূল্যবৃদ্ধি এবং ১২ জুনের পর সর্বোচ্চ সমাপনী মূল্য রেকর্ড করে। একইভাবে ডব্লিউটিআইয়ের দামও ২৯ এপ্রিলের পর সবচেয়ে বড় দৈনিক উল্লম্ফন এবং ১৫ জুনের পর সর্বোচ্চ সমাপনী অবস্থানে পৌঁছায়।
সূত্র: রয়টার্স