দেশজুড়ে লক্ষাধিক শিশু-কিশোরের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত বৃহৎ ক্রীড়া উৎসব ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’- এর প্রথম আসরের সফল সমাপ্তি ঘটতে যাচ্ছে। আগামীকাল বিকাল ৪টায় ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই প্রতিযোগিতার বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
গত ২ মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির যাত্রা শুরু হয়েছিল। তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ক্রীড়াবিদ খুঁজে বের করতে এবং দেশের কোমলমতি শিশুদের খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এই প্রথম আসরটি দেশের ক্রীড়া অঙ্গনে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছে।
ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট— এই আটটি ভিন্ন ক্রীড়া ইভেন্টে উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা শেষে ঢাকায় জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের মধ্য দিয়ে এই বিশাল কর্মযজ্ঞের সমাপ্তি ঘটবে।