বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়নে সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে তুরস্কে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
পাঁচ দিনের সরকারি সফর শেষে শনিবার (২৫ জুলাই) তিনি দেশে ফিরেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সফরের শুরুতে সেনাবাহিনী প্রধান তুরস্কের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবিরে শ্রদ্ধা নিবেদন করেন।
সফরকালে তিনি তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের, তুর্কি জেনারেল স্টাফের প্রধান জেনারেল সেলচুক বায়রাকতারওগলু, তুর্কি ল্যান্ড ফোর্সেসের কমান্ডার জেনারেল মেতিন তোকেল এবং ইস্তাম্বুল নৌ-শিপইয়ার্ডের পরিচালক রিয়ার অ্যাডমিরাল রিসেপ এরদিনচ ইয়েতকিন-এর সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি-এর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন।
তুর্কি ল্যান্ড ফোর্সেস সদর দপ্তর পরিদর্শনের সময় সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়।
বৈঠকগুলোতে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্পে যৌথ উদ্যোগ, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উভয় পক্ষই দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক, অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।
সফরের অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান তুরস্কের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা শিল্প ও সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠান ASISGUARD, TUSAŞ (Turkish Aerospace Industries), MKE, SARSILMAZ, STM, ROKETSAN, ASELSAN এবং BAYKAR পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তিনি এসব প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন (R&D), অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী কার্যক্রম, প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা এবং ভবিষ্যৎ প্রযুক্তি উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়েও মতবিনিময় করেন।
আইএসপিআরের মতে, সেনাবাহিনী প্রধানের এ সফর বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা শিল্পে ভবিষ্যৎ অংশীদারিত্ব সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।