পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জুলাই অভ্যুত্থানের ভিত্তি বিএনপির ১৭ বছরের আন্দোলনের মধ্য দিয়েই তৈরি হয়েছে। তিনি দাবি করেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ছাড়া কোনো গণঅভ্যুত্থান সম্ভব নয়।
মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে ‘আমরা বাংলাদেশী’ নামে একটি সংগঠন।
এ্যানি বলেন, “জুলাই আন্দোলনে আজকের বিরোধী দল কোথায় ছিল? গত ১৭ বছর কোথায় ছিল? একটা অভ্যুত্থানের ভিত্তি লাগে, আর সেই ভিত্তি ছিল বিএনপির ১৭ বছরের আন্দোলন।”
তিনি বলেন, সব আওয়ামী লীগের নেতাকর্মী দেশ ছেড়ে যাননি এবং সবার বিরুদ্ধে একই ধরনের অভিযোগও নেই। একই সঙ্গে তিনি বিরোধী দলের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পাঁচ মাস হয়েছে। মানুষের প্রত্যাশা অনেক, তবে সরকার ধাপে ধাপে সমস্যা সমাধানের চেষ্টা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের নানা সমস্যা তৈরি হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে উন্নয়ন এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
সভায় লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেন, “আমরা বিভেদ নয়, ঐক্য চাই।”
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, বিএনপি ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করে। তিনি বিরোধী দলের বিভিন্ন রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডের সমালোচনাও করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, বিএনপি নেতা মোমিনুল আমিন এবং ইউনাইটেড লেবার পার্টির আমিনুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন ‘আমরা বাংলাদেশী’-এর সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা এবং সঞ্চালনা করেন সংগঠনটির নির্বাহী সদস্য তমিজ উদ্দিন টিটু।