বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানিয়েছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতেই ঢাকায় সফরে এসেছেন মার্কিন-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) ব্যবসায়ী প্রতিনিধি দল।
ব্যবসায়ী প্রতিনিধিদের স্বাগত জানিয়ে বুধবার (১২ আগস্ট) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্ট দেওয়া হয়।
পোস্টে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলকে ঢাকায় স্বাগতম।
পোস্টে তিনি আরও বলেন, জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও আর্থিক খাতে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কম্পানিগুলো নতুন সম্ভাবনা খুঁজে দেখতে এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশের ৫০ বছরেরও বেশি সময়ের অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে এখানে এসেছে।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মার্কিন-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) প্রেসিডেন্ট এবং ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অতুল কেশাপের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।