সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন বেতন কাঠামোয় আগের মতো ২০টি গ্রেড রাখা হয়েছে। এতে ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডের সর্বোচ্চ নির্ধারিত মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে।
আজ সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করা হয়। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর জন্য জাতীয় বেতনস্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে যৌথবাহিনী নির্দেশাবলী ২০২৬ অনুমোদন করা হয়েছে। নতুন বেতনস্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।
সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী করার লক্ষ্যে জাতীয় বেতন কমিশন-২০২৫ ও সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদন পাওয়ার পর সচিব কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে সরকারের আর্থিক সক্ষমতা, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় ও সরকারি কর্মচারীদের জীবনমান বিবেচনায় নিয়ে নতুন বেতনস্কেল অনুমোদন করা হয়েছে।
নতুন কাঠামোয় সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত ১:১.৯৪৫ থেকে কমিয়ে ১:১.৭৮ করা হয়েছে। এতে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডের নির্ধারিত বেতন ১০০ শতাংশ বাড়বে।
দুই অর্থবছরে ধাপে ধাপে বাস্তবায়ন
আর্থিক সংশ্লেষ এবং মূল্যস্ফীতির ওপর প্রভাব বিবেচনায় নতুন বেতনস্কেল একযোগে বাস্তবায়ন করা হবে না। চলতি ২০২৬-২৭ এবং আগামী ২০২৭-২৮ অর্থবছরে ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হবে।
স্বল্প আয়ের কর্মচারীদের বিষয়টি বিবেচনায় নিয়ে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ১ জুলাই ২০২৬ থেকে ১ জুলাই ২০২৭-এর মধ্যে মূল বেতন মোট তিন ধাপে বাস্তবায়ন করা হবে। বিভিন্ন ভাতা ১ জানুয়ারি ২০২৮ থেকে একযোগে কার্যকর হবে।
পেনশনভোগীদের ক্ষেত্রেও ধাপে ধাপে নিট পেনশন বৃদ্ধির ব্যবস্থা কার্যকর হবে।
জুডিশিয়াল সার্ভিসের জন্য পৃথক কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতনস্কেল অনুমোদন করা হবে। জাতীয় বেতনস্কেলের মতো সেটিও ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে কার্যকর হবে।
সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়বে পেনশন
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ‘এক গ্রেড এক পেনশন’ বা ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন (OROP) চালুর প্রতিশ্রুতি রয়েছে। সামরিক ও অসামরিক উভয় ক্ষেত্রে এটি একসঙ্গে বাস্তবায়নের প্রয়োজন থাকলেও এর জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন হবে। এ ছাড়া অসামরিক কর্মচারীদের ক্ষেত্রে ২০১৯ সালের আগে অবসর নেওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় তথ্য না থাকায় OROP পর্যায়ক্রমে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।
এর আগে বিকল্প ব্যবস্থা হিসেবে স্ল্যাব অনুযায়ী নিট পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ১০০ শতাংশ বাড়বে। ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনপ্রাপ্তদের ৭৫ শতাংশ, ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশনপ্রাপ্তদের পেনশন ৫৫ শতাংশ বাড়বে।
প্রতিবন্ধী সন্তান ভাতা
সরকারি কর্মচারীদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য প্রথমবারের মতো প্রতিবন্ধী সন্তান ভাতা চালুর সিদ্ধান্ত হয়েছে। প্রতি সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।
এ ছাড়া মোবাইল ভাতার আওতাও বাড়ানো হয়েছে। এত দিন শুধু ৫ম গ্রেডের কর্মচারীরা এ ভাতা পেতেন। নতুন বেতনস্কেল অনুযায়ী সব গ্রেডের কর্মচারী মোবাইল ভাতা পাবেন।