অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামকে কেন্দ্র করে সরকারের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন হলে এ অঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে যাবে। ভবিষ্যতে চট্টগ্রাম দেশের প্রধান বাণিজ্যিক হাব হিসেবে গড়ে উঠবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বিশ্ব দ্রুত পরিবর্তনশীল আধুনিক প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের আধুনিক ও সময়োপযোগী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে।
গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, দেশের শিক্ষার্থীদের মেধা ও গবেষকদের সক্ষমতাকে কাজে লাগিয়ে নতুন উদ্ভাবনের দিকে আরও মনোযোগ দিতে হবে। সরকারের পক্ষ থেকে এ খাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
চট্টগ্রামকে লজিস্টিকস হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে আমির খসরু বলেন, এ প্রক্রিয়ায় চুয়েট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চট্টগ্রামকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাসের পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আজুয়ান বিন মাওনসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।
গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, চুয়েট দেশের মেধার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানো গেলে পুরো দেশ উপকৃত হবে।
ড. মোহাম্মদ আজুয়ান বিন মাওনসার বলেন, শিক্ষা ও গবেষণায় চুয়েটের অগ্রগতি প্রশংসনীয়। মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুয়েটের যৌথ উদ্যোগ শিক্ষা ও গবেষণাকে আরও এগিয়ে নিতে পারে।
চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, চুয়েটের র্যাংকিং উন্নত করে এশীয় পর্যায়ে নেওয়া এবং বিশ্বমানের গবেষণা পরিবেশ নিশ্চিত করা তাদের লক্ষ্য।
এর আগে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের কার্যক্রম শুরু হয়। পরে নতুন ছয়টি বাসের উদ্বোধন, সুপেয় পানি সংযোগ লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন অর্থমন্ত্রী।
আলোচনা সভা শেষে ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে চুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।