ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ৬৫ থেকে ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পের আরও বড় একটি অংশের কাজ শেষ হবে। আর আগামী এক বছরের মধ্যে প্রকল্পটি শেষ হওয়ার কাছাকাছি পর্যায়ে চলে আসবে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুটি সার্ভিস সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সকাল ১০টায় ধউরমোড় থেকে আশুলিয়া পর্যন্ত দুই লেনের দুটি সার্ভিস সেতু সাধারণ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
সেতুমন্ত্রী বলেন, সাড়ে তিন বছরের মধ্যে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ৬৫ থেকে ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। ডিসেম্বরের মধ্যে আরও বড় একটি অংশের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। আগামী এক বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কাছাকাছি পর্যায়ে পৌঁছাবে।
বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীনের সঙ্গে কাজ করার কথা জানিয়ে শেখ রবিউল আলম বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী। তাদের প্রযুক্তি ও বিনিয়োগ দেশের অবকাঠামো খাতে বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হবে। এটি চীনেরও অঙ্গীকার।
উল্লেখ্য, ২০২২ সালের ১২ নভেম্বর দেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হয়। রাজধানীর যানজট কমানোর পাশাপাশি ঢাকা ও দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের মধ্যে দ্রুত সড়ক যোগাযোগ নিশ্চিত করা এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।