সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগগুলো খতিয়ে দেখতে চার সদস্যের একটি অনুসন্ধান কমিটিও গঠন করেছে দুদক। কমিটির নেতৃত্বে রয়েছেন সংস্থাটির উপপরিচালক মো. জাহিদ কালাম।
বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ ও বদলি এবং কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
আসিফ মাহমুদের বিরুদ্ধে বেআইনি কাজ করিয়ে দিতে ঘুষ গ্রহণ ও অর্থপাচারের (মানি লন্ডারিং) অভিযোগও রয়েছে বলে জানিয়েছে দুদক সূত্র।
এ ছাড়া সাবেক ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
দুদক সূত্র আরও জানায়, আসিফ মাহমুদ তার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন অবৈধ সুবিধা নিয়েছেন—এমন অভিযোগও অনুসন্ধান করা হচ্ছে।
তবে এসব অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।