জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মসূচির পাশাপাশি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট কূটনৈতিক কার্যক্রমেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।
মাহ্দী আমিন জানান, সফরে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেবেন তিনি।
তুর্কি এয়ারলাইনসের একটি বিমান স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গী।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।
প্রধানমন্ত্রীর এবারের সফরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ ছাড়াও একাধিক উচ্চপর্যায়ের কর্মসূচি ও কূটনৈতিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।