যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। এর প্রভাব দেখা গেছে এশিয়ার বাজারের লেনদেনেও।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়ে যায়। সর্বশেষ হিসাবে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ০.৮০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ২২ ডলারে উঠেছে।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার খুলবে কি না, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাবেই আন্তর্জাতিক তেলের বাজারে দাম বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা আবার শুরু করা হবে।
ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধ করা, নৌ অবরোধ তুলে নেওয়া, ইরানের ওপর অর্থনৈতিক চাপ কমানো এবং দেশটির জব্দ করা সম্পদ ছেড়ে দেওয়া।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশে সাংবাদিকদের আরাগচি বলেন, শর্তগুলো পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং আলোচনা পুনরায় শুরু করা সম্ভব।
তবে ট্রাম্প ইরানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। পরে তিনি নিজেই বলেন, ‘তারা একটি প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি তা প্রত্যাখ্যান করেছি।’
এর আগে ২৫ সেপ্টেম্বর ইরানের যুদ্ধবিরতির প্রস্তাবের খবরে বিশ্ববাজারে তেলের দাম কমেছিল। তবে প্রস্তাব প্রত্যাখ্যানের পর আবারও দাম বাড়ল।