ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন।
বুধবার (১১ মার্চ) প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে রয়টার্স দাবি করে, সংঘাত শুরুর পর এই প্রথমবারের মতো আহত মার্কিন সেনাদের সংখ্যা প্রকাশ করা হয়েছে। এর আগে সংস্থাটির প্রতিবেদনে আহতের সংখ্যা প্রায় ১৫০ জন বলে উল্লেখ করা হয়েছিল।
রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর এক বিবৃতিতে পেন্টাগন জানায়, বর্তমানে আহত মার্কিন সেনার সংখ্যা প্রায় ১৪০ জন।
তবে আহতদের অধিকাংশের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, আহতদের বেশিরভাগই সামান্য আঘাত পেয়েছেন।
তিনি জানান, আহতদের মধ্যে ১০৮ জন ইতোমধ্যে চিকিৎসা শেষে আবার দায়িত্বে ফিরে গেছেন। অন্যদিকে আটজন সেনাকে গুরুতর আহত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এবং তারা সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসাসেবা পাচ্ছেন।
বর্তমানে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সঙ্গে উত্তেজনা অব্যাহত রয়েছে। এই সংঘাতের প্রভাব পুরো অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। [সূত্র: আল-জাজিরা]