ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণে আরও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ভূমি অফিসে সাধারণ মানুষ নানা ধরনের জটিলতা ও সমস্যার সমাধানের আশায় আসেন। তাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের উচিত দ্রুত ও আইনসম্মত উপায়ে তাদের সেবায় এগিয়ে আসা।
রোববার সকালে রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী জানান, ভূমি সংক্রান্ত বিষয়ে দেশে অনেক আইন ও বিধিবিধান রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের এসব বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে, যাতে তারা বাস্তবে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এ কারণে প্রশিক্ষণকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দেশকে আরও এগিয়ে নিতে সরকারের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে সবাইকে আন্তরিক হতে হবে। একই সঙ্গে মানুষের কাছে স্বচ্ছ, সহজ ও কার্যকর ভূমিসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, একজন কর্মকর্তার অনিয়ম বা দুর্নীতির কারণে যেন অন্য সৎ কর্মকর্তাদের সুনাম ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ মাঠপর্যায়ের কোনো অপকর্ম, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, শেষ পর্যন্ত সরকারের ভাবমূর্তির ওপরই প্রভাব ফেলে।
এ বিষয়ে সবাইকে সচেতন থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান ভূমিমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) নাসরিন জাহান। এ সময় আরও বক্তব্য দেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ.জে.এম সালাহউদ্দিন নাগরী, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আইন আব্দুর রউফ এবং ভূমি প্রশাসন ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আবুল খায়ের।