কুড়িগ্রামের উলিপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত দুই ভারতীয় নাগরিককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—আসামের সুখচর থানার বড়বালু, দক্ষিণ সালমারা মাইনকার চর এলাকার ইসমাইল হোসেন (৩৫) ও খাজা আব্দুল আলীম (৩৯)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৪ অক্টোবর বিকেল ৩টার দিকে ভারতের আসাম রাজ্যের নারায়ণপুর এলাকার সীমান্তের চরাঞ্চলে গরু চরানোর সময় বিএসএফ সদস্যরা ওই দুই ব্যক্তিকে বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক করেন। পরে তাদের নৌকায় তুলে বাংলাদেশের সীমান্তবর্তী চরে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তারা নিজেদের ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিলেও বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে দুজন আহত হয়ে বাংলাদেশের অংশে পড়ে থাকেন।
আহতদের চিৎকার শুনে স্থানীয় বাংলাদেশিরা তাদের উদ্ধার করে উলিপুর এলাকার একটি হাসপাতালে নিয়ে যান। পরে ৬ অক্টোবর রাত ১টা ৪৫ মিনিটের দিকে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে পুলিশ পাহারায় তাদের চিকিৎসা চলছে।
আহত ইসমাইল হোসেনের বাবার নাম মৃত আব্দুল করিম শেখ এবং খাজা আব্দুল আলীমের বাবার নাম আব্দুল মজিদ মন্ডল। দুজনেরই বাড়ি আসামের সুখচর থানার বড়বালু, দক্ষিণ সালমারা মাইনকার চর এলাকায়।
ঘটনার বিষয়টি বিজিবির রিজিয়ন সদর এবং দায়িত্বপ্রাপ্ত ২২ বিজিবি ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।