ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মুঘল যুগের ঐতিহাসিক মুসা খান মসজিদ সংস্কারের জন্য ২ লাখ ৩৫ হাজার ডলার অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) থেকে এ সহায়তা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৩১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে মার্কিন দূতাবাস।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রকল্পটি সাংস্কৃতিক সংরক্ষণে মার্কিন-বাংলাদেশ অংশীদারিত্বের ২৫ বছরেরও বেশি সময়কে তুলে ধরে, যেখানে দেশব্যাপী ১৩টি প্রকল্পে ১ মিলিয়ন ডলারেরও বেশি অর্থায়ন করা হয়েছে। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহযোগিতায় যুক্তরাষ্ট্র মসজিদটির ইসলামি স্থাপত্য বৈশিষ্ট্যের পুনরুদ্ধার, একটি স্থায়ী ডিজিটাল আর্কাইভ প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তরুণ স্থপতিদের প্রশিক্ষণ দেবে।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলমের সঙ্গে যৌথভাবে এই অনুদান ঘোষণা করেন।