নববর্ষ ১৪৩৩ উদযাপনে মঙ্গল বা আনন্দ শোভাযাত্রা নয়, এবারের নববর্ষে হবে বৈশাখী শোভাযাত্রা বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
রবিবার (৫ এপ্রিল) পহেলা বৈশাখের বিভিন্ন কর্মসূচি নিয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
এর আগেও, গত মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আগামী পহেলা বৈশাখে বহুল প্রতীক্ষিত ‘মঙ্গল শোভাযাত্রা’ আগের নামেই আয়োজন করা হবে।
সংস্কৃতিমন্ত্রী বলেছিলেন, চারুকলার মঙ্গল শোভাযাত্রা এবং আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনো পার্থক্য নেই। পহেলা বৈশাখ সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে একটি আনন্দের দিন।
এদিন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, শোভাযাত্রার নাম নিয়ে বিতর্ক হয়েছে, যার প্রয়োজন ছিল না। তাই এবার এই দুই নামের কোনোটাই থাকবে না। কারণ উৎসব নামের মধ্যে সীমাবদ্ধ নয়, এটার আনন্দ হয় উদযাপনের মধ্য দিয়ে মন্তব্য সংস্কৃতি মন্ত্রীর।
বৈশাখের এই আনন্দ উৎসবে যাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পহেলা বৈশাখ ঘিরে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলেও জানান নিতাই রায়।