ভারতের ছত্তিশগড়ে একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণে অন্তত ১৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ২০ জন। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সিংহিতারাই গ্রামের বেদান্ত লিমিটেড বিদ্যুৎকেন্দ্রের বয়লার টিউবে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। বুধবার জেলা পুলিশ সুপার পিকে ঠাকুর এই হতাহতের খবরটি সংবাদমাধ্যমকে জানান।
ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও শ্রমিক আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখতে উদ্ধার তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।
বিদ্যুৎকেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় বয়লার ইউনিটে তাদের সাব-কন্ট্রাক্টর এনজিএসএলের কর্মীরা দায়িত্বরত ছিলেন। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য হলো আহতদের সর্বোচ্চ চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান করা। এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক বলে অভিহিত করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এই দুর্ঘটনাকে হৃদয়বিদারক হিসেবে উল্লেখ করে শোক প্রকাশ করেছেন। তিনি জানান যে, জেলা প্রশাসন ঘটনাস্থলে থেকে ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনা করছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী এই ঘটনার একটি নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন এবং জানিয়েছেন যে, তদন্তে কারো অবহেলা বা দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।