আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী ১ মে (শুক্রবার) বেলা ২টা ৩০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ তথ্য জানান।
তিনি বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক। সমাজের সব উন্নয়ন ও উৎপাদনের পেছনে শ্রমিকদের অবদান রয়েছে, তাই তারা সম্মানের দাবিদার।
তিনি আরও জানান, ঢাকাসহ আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে অংশ নেবেন। পাশাপাশি দেশের বিভিন্ন পর্যায়ের শ্রমিক সংগঠন নিজ নিজ এলাকায় কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে।
নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মস্থলে নিরাপত্তা ও জীবনমান নিশ্চিত করা এখনো গুরুত্বপূর্ণ দাবি। তিনি আশা প্রকাশ করেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী শ্রমিকবান্ধব পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়ন হবে।
তিনি সাংবাদিকদের শ্রমজীবী সমাজের অংশ হিসেবে উল্লেখ করে বলেন, শ্রমিকদের সমস্যা ও বাস্তবতা তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।