চলমান উপসাগরীয় সংঘাতের স্থায়ী সমাধানে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর জোর দিয়েছে বাংলাদেশ ও ওমান।
মাস্কাটে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর বিন হামাদ আল বুসাইদি এ অবস্থান তুলে ধরেন।
বৈঠকে দুই দেশ সংশ্লিষ্ট পক্ষগুলোকে উত্তেজনা না বাড়িয়ে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ পথ খোঁজার আহ্বান জানায়।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উপসাগরীয় সংকটের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানে ওমানের সুলতান হাইসাম বিন তারিকের ভূমিকার প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।
এ সময় ওমানে বসবাসরত সাত লাখের বেশি বাংলাদেশি প্রবাসীর বিষয়ে আলোচনা হয়। তাদের আতিথেয়তা ও সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ ওমান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানায়। ওমানও দেশটির অর্থনীতি ও দৈনন্দিন জীবনে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করে।
বৈঠকে ওষুধ, খাদ্য, কৃষি ও বন্দর লজিস্টিক খাতে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয়।
শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ওমানের পররাষ্ট্রমন্ত্রী সুবিধাজনক সময়ে এ আমন্ত্রণ গ্রহণের আগ্রহ প্রকাশ করেন।