বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মাদক থেকে শিশু-কিশোরদের রক্ষা করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সুস্থ ও সুন্দর জীবন গড়ে তুলতে প্রতিদিন অন্তত দুই ঘণ্টা খেলাধুলার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।
শুক্রবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, শহরে বড় বড় ভবন নির্মিত হলেও শিশুদের খেলাধুলার জন্য পর্যাপ্ত খোলা জায়গা নেই। এর ফলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে এবং তারা নেতিবাচক কর্মকাণ্ডের দিকে ঝুঁকে পড়ছে। তিনি প্রস্তাব করেন, জেলার প্রতিটি বিদ্যালয়ে সপ্তাহে অন্তত একদিন খেলাধুলার ব্যবস্থা রাখতে হবে।
তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিশুদের স্বাস্থ্য সচেতন ও নেশা মুক্ত রাখার জন্য খেলাধুলা ও সুস্থতার প্রতি আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। তিনি জানান, এক প্রজন্ম নেশার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন তাদের সঠিক পথে ফিরিয়ে এনে সুস্থভাবে বড় হওয়ার সুযোগ তৈরি করতে হবে।
জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খানসহ বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।