প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উদ্বোধন করেছেন।
মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে তিনি বাটন চেপে দেশব্যাপী তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের সময় ছিল সকাল ১১টা ১৯ মিনিট।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয়ের তিনটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। পরে তিনি ভূমি ভবনের বিভিন্ন স্টল ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় কল সেন্টার, নাগরিক সেবা কেন্দ্র এবং ডে-কেয়ার সেন্টারও ঘুরে দেখেন তিনি।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একযোগে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ শুরু হয়েছে। আজ থেকে আগামী ২১ মে পর্যন্ত এ মেলা চলবে।
এবারের ভূমিসেবা মেলার প্রতিপাদ্য হলো ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, নাগরিকদের আধুনিক ভূমি সেবার সঙ্গে পরিচিত করা এবং সরাসরি সেবা প্রদান করাই এ মেলার প্রধান লক্ষ্য। ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বাড়ানো এবং প্রান্তিক মানুষের কাছে সেবা পৌঁছে দিতে এই আয়োজন করা হয়েছে।
মেলায় সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা, আবেদন প্রক্রিয়া, তথ্যসেবা এবং নাগরিক সহায়তা সম্পর্কে সরাসরি জানতে পারবেন। একই সঙ্গে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার গতি বাড়াতে সরকারের নেওয়া উদ্যোগগুলোও তুলে ধরা হবে।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, অটোমেটেড ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিক ভোগান্তি কমানো, নিরাপদ ভূমি অধিকার নিশ্চিত করা এবং ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি আধুনিক ভূমি প্রশাসন গড়ে তোলাই এ মেলার মূল উদ্দেশ্য।