স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রতিক ধর্ষণ, শিশু নির্যাতন এবং হত্যার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং এটি দীর্ঘদিন ধরে চলমান নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের দ্রুত পতনের ফলাফল।
তিনি বৃহস্পতিবার (২১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় বলেন, “আমরা অঙ্গীকারবদ্ধ এই অমানবিক অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে এবং একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে, যেখানে আমাদের সন্তানরা ভয়হীনভাবে বেড়ে উঠতে পারবে।”
মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, কেবল আইন বা সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। প্রয়োজন একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন। পরিবার, বিদ্যালয়, মাদ্রাসা, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং প্রতিটি নাগরিককে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। আমাদের সন্তানদের মধ্যে সম্মান, মানবিকতা, দায়িত্ববোধ এবং নারীর মর্যাদা বিষয়ে শিক্ষা দেওয়া অপরিহার্য।
তিনি আহ্বান জানিয়ে বলেন, “শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মানে বাংলাদেশের ভবিষ্যৎকে নিরাপদ করা। আসুন, পরিবর্তনের এই সংগ্রামে সবাই একসঙ্গে শামিল হই।”