বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, প্রাণঘাতী ইবোলার ভ্যাকসিন তৈরি হতে অন্তত ৯ মাসের সময় লাগতে পারে।
ডব্লিউএইচও’র সদর দপ্তরে জেনেভায় বুধবার (২০ মে) আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার উপদেষ্টা ড. ভাসি মূর্তি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ইবোলা ভাইরাসের বুন্ডিবুগিও প্রজাতির বিরুদ্ধে বর্তমানে দুটি সম্ভাব্য ‘ক্যান্ডিডেট ভ্যাকসিন’ তৈরি হচ্ছে, তবে এখনো কোনো ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়াল বা পরীক্ষামূলক প্রয়োগে পরীক্ষিত হয়নি।
মধ্য আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা ভাইরাস মহামারির পর্যায়ে ছড়িয়ে পড়েছে। ডব্লিউএইচও’র মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস জানিয়েছেন, কঙ্গোতে ইবোলার উপসর্গে এ পর্যন্ত ১৩৯ জন মারা গেছেন এবং ৬০০ জনের মধ্যে ইবোলার উপসর্গ শনাক্ত হয়েছে।
ড. ভাসি মূর্তি বলেন, কঙ্গোতে যাদের মধ্যে উপসর্গ দেখা দিয়েছে, তাদের মধ্যে ৫১ জন নিশ্চিতভাবে ইবোলায় আক্রান্ত। পাশাপাশি প্রতিবেশী উগান্ডাতেও ইবোলার দুইটি সংক্রমণ পাওয়া গেছে।
ডব্লিউএইচও ১৭ মে কঙ্গোর ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে। তবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রাদুর্ভাব এখনও বৈশ্বিক মহামারির পর্যায়ে পৌঁছায়নি।