সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজে গ্রহণযোগ্য স্থানে পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সমাজের অন্যান্য ছেলেমেয়েদের মতোই প্রতিবন্ধী ছেলেমেয়েরাও স্বাভাবিকভাবে গড়ে উঠুক—এটাই সরকারের লক্ষ্য।
আজ বুধবার ঢাকার সাভারে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এই কমপ্লেক্সে থাকবে আধুনিক স্পোর্টস লার্নিং, মেডিকেল ফিজিওথেরাপি, জিমনেশিয়াম, সুইমিং পুল, মসজিদ এবং ইনডোর-আউটডোর গেমিং সুবিধা।
মন্ত্রী জানান, দেশে শারীরিক, মানসিক, সাইকোলজিক্যাল ও ডেভেলপমেন্টালসহ প্রায় ১১ ধরনের প্রতিবন্ধী রয়েছে। এদের খেলাধুলার জন্য আন্তর্জাতিকভাবে আলাদা অলিম্পিক আয়োজন করা হয়, যা ‘প্যারা অলিম্পিক’ নামে পরিচিত। বাংলাদেশি অনেক প্রতিবন্ধী খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদকসহ সুনাম অর্জন করেছে।
তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধীদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা অর্জন এবং সমাজে গ্রহণযোগ্য অবস্থান নিশ্চিত করা হবে। প্রকল্পটি ২০২১ সালে শুরু হলেও কিছু জটিলতার কারণে কার্যক্রম দেরিতে বাস্তবায়িত হয়েছে। বর্তমানে কাজ পুনরায় শুরু হয়েছে এবং আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে সম্পূর্ণ রূপ লাভ করবে।
পরিদর্শনে মন্ত্রী মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।