ভারতের দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সেরা চলচ্চিত্র’ হিসেবে পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের সিনেমা ‘মানুষের বাগান’।
উৎসবের সমাপনী অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়। সিনেমাটির পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন ভারতে বাংলাদেশ উপ-হাইকমিশনার প্রীতি রহমান।
চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম এক বিবৃতিতে এই আন্তর্জাতিক অর্জনে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে।
সিনেমাটির পরিচালক নুরুল আলম আতিক বলেন, দীর্ঘদিন আগে নির্মিত এই কাজটির স্বীকৃতি পাওয়া নিঃসন্দেহে আনন্দের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই দেশের দর্শকরাও সিনেমাটি দেখার সুযোগ পাবেন।
২০১৯ সালের শেষ দিকে নির্মাণ ও সম্পাদনা সম্পন্ন হয় সিনেমাটি। এতে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, মনোজ প্রামাণিক, অর্চিতা স্পর্শিয়া, মাহমুদ আলম, প্রসূন আজাদ, দিপান্বিতা মার্টিন, ইকবাল আহমেদ ও জয়রাজসহ আরও অনেকে।
‘মানুষের বাগান’ সিনেমায় মানুষের সম্পর্ক, আবেগ ও জীবনের জটিল বাস্তবতাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হয়েছে। পাঁচটি ভিন্ন গল্পের সমন্বয়ে নির্মিত এ চলচ্চিত্রটি সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের জীবনচিত্র ফুটিয়ে তোলে।
সিনেমাটিতে ব্যবহৃত একই শিরোনামের গানটি পরিবেশন করেছে চিরকুট ব্যান্ড, যার গীতিকার ছিলেন নাহিদুর রহমান আনন্দ।
পরিচালক নুরুল আলম আতিক এর আগে ‘পেয়ারার সুবাস’, ‘লাল মোরগের জুটি’, ‘ডুব সাঁতার’ ও ‘কিত্তনখোলা’সহ একাধিক চলচ্চিত্র নির্মাণ করেছেন।