সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার সমন্বিতভাবে কাজ করছে। দুর্ঘটনা নিয়ন্ত্রণে অবকাঠামোগত উন্নয়ন, দক্ষ চালক তৈরি, আনফিট যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা এবং জনসচেতনতা বৃদ্ধিতে নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
শুক্রবার কুমিল্লায় জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড আয়োজিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় চেক বিতরণ ও সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, দেশে প্রতিবছর প্রায় ৪ থেকে সাড়ে ৪ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন। তিনি বলেন, অদক্ষ চালক, আনফিট যানবাহন এবং জনসচেতনতার অভাব দুর্ঘটনার প্রধান কারণ। এসব বিষয়ে কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, পরিবহন মালিক, চালক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। ত্রুটিপূর্ণ যানবাহন সড়কে না নামানো এবং দক্ষ চালকের হাতে যানবাহনের দায়িত্ব দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মহাসড়কের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আন্ডারপাস, ওভারপাস, নিরাপদ ইউটার্ন এবং সড়ক সম্প্রসারণের কাজ চলমান রয়েছে বলেও জানান মন্ত্রী।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, সরকার পুনর্বাসন, শিক্ষা ও চাকরির সুযোগসহ বিভিন্ন সহায়তার বিষয়েও কাজ করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাবিবুর রশিদ। তিনি বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে কুমিল্লার সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের মাঝে ১১৯টি চেকের মাধ্যমে মোট ৪ কোটি ৮৯ লাখ টাকার সহায়তা বিতরণ করা হয়।
এর আগে সকালে মন্ত্রী শেখ রবিউল আলম মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা পরিদর্শন করেন এবং ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।