আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে আগামীকাল সোমবার থেকে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
রেলমন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে ট্রেনে যাতায়াতের চাহিদা প্রতিবছরই অনেক বেড়ে যায়। যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থার পাশাপাশি প্রায় ২৫ শতাংশ বেশি যাত্রী পরিবহনের সুযোগ রাখা হয়েছে।
তিনি বলেন, “ট্রেনের সংখ্যা সীমিত হওয়ায় কিছুটা চাপ তৈরি হয়। তবে যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি।”
স্টেশন ঘুরে দেখে পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। একইসঙ্গে যেসব এলাকায় নিরাপত্তা ঝুঁকি রয়েছে, সেখানে বিশেষ নজরদারি ও অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
রেলমন্ত্রী আরও বলেন, কিছু স্টেশন এখনও পুরোপুরি নিরাপত্তা ব্যবস্থার আওতায় আসেনি। সেসব সমস্যা ধাপে ধাপে সমাধানের চেষ্টা চলছে। এছাড়া ইতোমধ্যে তিনটি ট্রেনের সময়সূচিতে সাময়িক বিঘ্ন ঘটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।