কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি সম্পর্কে তথ্য কর্মকর্তাদের সঠিক ও আধুনিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
রোববার সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচিতে তারা এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে জনগণের কাছে সরকারের উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ড সঠিকভাবে তুলে ধরতে জনসংযোগ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য তথ্যপ্রবাহ, ডিজিটাল যোগাযোগব্যবস্থা এবং ইনফরমেশন ইকোসিস্টেম সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন।
তিনি আরও বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরি। বিশেষ করে ভুল তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিকর তথ্য শনাক্তে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যৌথভাবে কাজ করলে সমাজ ও রাষ্ট্র গঠনে আরও কার্যকর অবদান রাখা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমান সময়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া জনসংযোগ কার্যক্রম কল্পনা করা যায় না। তাই প্রযুক্তিনির্ভর যোগাযোগব্যবস্থা সম্পর্কে তথ্য কর্মকর্তাদের বাস্তবধর্মী জ্ঞান থাকা প্রয়োজন।
তিনি বলেন, মানুষের মানসিক প্রবণতা ও সামাজিক আচরণ বিশ্লেষণের বিষয়, অর্থাৎ ‘পাবলিক সাইকোগ্রাফি’ কীভাবে কাজ করে, সেটিও জনসংযোগ কর্মকর্তাদের বোঝা জরুরি।