কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, মদ ও ইয়াবাসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক যুবককে আটক করা হয়েছে।
রোববার দুপুরে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে রংমহল বিওপির সদস্যরা রংমহল মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবাসহ আলো হোসেন (১৯) নামে এক ব্যক্তিকে আটক করেন।
এছাড়া রাতে কাথুলি মাঠ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
অন্যদিকে, রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে কাজিপুর বিওপির সদস্যরা কাজিপুর ব্রিজ মোড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ, ১০ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২৫ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করেন।
জব্দ করা এসব মাদক ও অবৈধ পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮ লাখ ৮০ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।