স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান নিকোলাস ফ্লাউরি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে কারাবন্দিদের স্বাস্থ্যসেবা, জেল কোড আধুনিকায়ন, পুলিশ ও কারা পুলিশের প্রশিক্ষণ এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী আইসিআরসি প্রতিনিধি দলকে স্বাগত জানান। এ সময় নিকোলাস ফ্লাউরি নতুন দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রীকে অভিনন্দন জানান এবং মানবিক বিভিন্ন বিষয়ে আইসিআরসি’র চলমান কার্যক্রম তুলে ধরেন।
তিনি জানান, বাংলাদেশের জেল কোডকে যুগোপযোগী করতে আইসিআরসি প্রয়োজনীয় সুপারিশ পাঠিয়েছে। এছাড়া কারাগারে স্বাস্থ্যসেবা উন্নত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছেও প্রস্তাবনা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বন্দিদের উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিশেষায়িত হাসপাতালে পাঠানো হচ্ছে। পাশাপাশি কারাগারের মেডিকেল ইউনিটের মাধ্যমে নিয়মিত প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।
পুলিশ ও কারা পুলিশের পেশাগত দক্ষতা বাড়াতে আইসিআরসি’র প্রশিক্ষণ উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, মানবাধিকার ও ফার্স্ট এইড বিষয়ে প্রশিক্ষণ আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
নিকোলাস ফ্লাউরি জানান, পুলিশ সদস্যদের জন্য ফার্স্ট এইড ও মানবাধিকার বিষয়ে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রোহিঙ্গাদের জন্য মানবিক ও চিকিৎসাসেবা প্রদানে আইসিআরসি’র ভূমিকার প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মানবিক আইন ও জেনেভা কনভেনশনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি আইসিআরসি’র মানবিক কার্যক্রমে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খান ও উপসচিব বেগম মিনারা নাজমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।