চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র্যাবের নির্মাণাধীন একটি ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে সন্ত্রাসীরা হঠাৎ করে ক্যাম্প লক্ষ্য করে গুলি চালায় এবং এক পর্যায়ে নির্মাণাধীন স্থাপনাটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলে বলে জানা গেছে। এ ঘটনায় যৌথবাহিনী দ্রুত অভিযান চালিয়ে ২০ থেকে ৩০ জনকে আটক করেছে।
রবিবার (২৪ মে) রাত ১টার পর এই হামলার ঘটনা ঘটে। র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, হামলাকারীরা একে-৪৭সহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করে গুলি চালায়। হামলার পরপরই সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান শুরু করা হয়।
অভিযান চলাকালে সন্ত্রাসীরা রাস্তা কেটে দিয়ে চলাচল বাধাগ্রস্ত করার চেষ্টা করে, ফলে যৌথবাহিনীর সদস্যরা হেঁটে ঘটনাস্থলে পৌঁছান। এ সুযোগে হামলাকারীদের একটি অংশ পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও ফাঁকা গুলি ব্যবহার করা হয় বলে জানানো হয়। র্যাব দাবি করেছে, “ইয়াসিন গ্রুপ” নামের একটি সন্ত্রাসী চক্র এই হামলার সঙ্গে জড়িত।
আটকদের বিষয়ে যাচাই-বাছাই চলছে এবং নিরপরাধদের ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে যৌথবাহিনী।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, হামলায় ক্ষতিগ্রস্ত ক্যাম্পটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে ছিল এবং ঈদের পর এটি উদ্বোধনের পরিকল্পনা ছিল। তবে হামলায় কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হননি বলেও তিনি নিশ্চিত করেন।
উল্লেখ্য, এর আগে ৯ মার্চ যৌথ অভিযানের মাধ্যমে জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। প্রায় ৩ হাজার ১০০ একর খাসজমি নিয়ে গঠিত এই এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও ভূমিদস্যু চক্রের প্রভাব ছিল বলে প্রশাসন জানায়।