সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার গাজীপুর, কাকডাঙ্গা এবং সুলতানপুর বিওপির আওতাধীন সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সদর উপজেলার বেলতলা এলাকা থেকে ভারতীয় ওষুধ জব্দ করা হয়। একই সময়ে কলারোয়ার কেড়াগাছি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করে কাকডাঙ্গা বিওপির সদস্যরা।
অন্যদিকে, সুলতানপুর বিওপির একটি বিশেষ দল কলারোয়ার বরমিতলা এলাকা থেকে ৯০ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ কফ সিরাপ জব্দ করে। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ হওয়া পণ্য ও মাদকদ্রব্যের মোট আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কাজী আশিকুর রহমান জানান, উদ্ধারকৃত ভারতীয় পণ্য সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া জব্দ হওয়া মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে ধ্বংসের লক্ষ্যে বিজিবির স্টোরে সংরক্ষণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকপাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।