বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এ উপলক্ষে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বস্ত্র, খাদ্যসামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। দিনব্যাপী চলমান এই উদ্যোগের আওতায় নিম্নআয়ের পরিবারগুলোর মধ্যে প্রয়োজনীয় খাদ্যপণ্য ও পোশাক বিতরণ করা হচ্ছে এবং চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।
আয়োজক সূত্র জানায়, রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটির আরও একাধিক স্থানে একই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হবে। এসব কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
এর আগে সকালে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি প্রয়াত এই রাষ্ট্রনায়কের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর অবদানের কথা স্মরণ করেন।
শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে দোয়া মাহফিল, আলোচনা সভা, গণখাদ্য বিতরণ, চিকিৎসাসেবা এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক আয়োজন।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত জিয়াউর রহমান ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করেন। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয়তাবাদী রাজনৈতিক ধারার বিকাশে তাঁর ভূমিকা দলটির নেতাকর্মীরা বিশেষভাবে স্মরণ করে থাকেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানের ঘটনায় তিনি নিহত হন। সেই দিনটিকে বিএনপি প্রতি বছর ‘শাহাদাতবার্ষিকী’ হিসেবে পালন করে আসছে।