যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শুরু থেকেই উত্তেজনা প্রশমন এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়ে আসছে। এ প্রক্রিয়ায় ইতিবাচক অগ্রগতি অর্জনে অবদান রাখা সংশ্লিষ্ট সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টারও প্রশংসা করেছে বাংলাদেশ।
বাংলাদেশ আশা প্রকাশ করেছে, চুক্তিটি আন্তরিকতার সঙ্গে বাস্তবায়িত হবে এবং এটি দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সকল পক্ষকে এই ইতিবাচক অগ্রগতির ধারাবাহিকতা বজায় রেখে সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
একই সঙ্গে অঞ্চলটিতে শান্ত পরিবেশ, সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) এবং পারস্পরিক সহযোগিতা দ্রুত পুনঃপ্রতিষ্ঠিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ।