সাতক্ষীরার শ্যামনগরে প্রায় ৩৩ লাখ টাকার ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (১৫ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় শ্যামনগর থানাধীন বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালিত হয় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১টার দিকে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৩১৯ বোতল ফেন্সিডিল এবং শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। জব্দ মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
জব্দ ফেন্সিডিল ও ঔষধের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, চোরাচালান ও মাদক প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।