তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীল ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, যা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করেছে এবং বাংলাদেশকে বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্যে পরিণত করছে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘নভো গ্রুপ ইনভেস্টর মিট-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, দেশের সবচেয়ে বড় শক্তি হলো বিপুল জনসংখ্যা এবং তরুণ শ্রমশক্তি। এই সম্পদকে কাজে লাগিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক উৎপাদন ও বিনিয়োগের অন্যতম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি হোম টেক্সটাইল, হস্তশিল্প, মৎস্য ও কৃষিপণ্য খাতেও বিনিয়োগের বিস্তৃত সুযোগ রয়েছে। দক্ষিণাঞ্চল, বিশেষ করে ভোলা, পায়রা বন্দর, বঙ্গোপসাগর-সংলগ্ন উপকূলীয় অঞ্চল এবং পর্যটন খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা, উৎপাদন বান্ধব পরিবেশ এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ আগামী দিনে আরও এগিয়ে যাবে। সরকার দেশি-বিদেশি উদ্যোক্তাদের পাশে আছে এবং অংশীদারিত্ব সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দেশি-বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিয়েতনামের রাষ্ট্রদূত নিগুয়েন মান কুঅং, কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা, নভো গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোস্তাফিজুর রহমান এবং রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান।