ঈদযাত্রা চলাকালে ট্রেন চলাচলে সিডিউল বিপর্যয়ের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন রেল সচিব ফাহিমুল ইসলাম। তিনি বলেন, এবারের ঈদে যাত্রীদের জন্য তুলনামূলক স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
শনিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশ্বাস দেন। তিনি জানান, টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে উঠতে না পারার মতো পরিস্থিতি এবার আর হবে না।
রেল সচিব আরও বলেন, ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে কঠোর নজরদারি ও অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, ঈদযাত্রার শুরুতেই দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে ইঞ্জিনে সাময়িক ত্রুটি দেখা দিলেও দ্রুত বিকল্প ইঞ্জিন সংযুক্ত করে ট্রেনটি পুনরায় চালু করা হয়। এতে কয়েকটি ট্রেন ১৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত বিলম্বিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
রেলওয়ের প্রস্তুতির কথা তুলে ধরে তিনি বলেন, মিটারগেজ লোকোমোটিভের সংকট মোকাবিলায় আগাম পরিকল্পনা নেওয়া হয়েছে। ঈদের সময় ৮৫টি লোকোমোটিভ সচল রাখার লক্ষ্য নির্ধারণ করা হলেও ইতোমধ্যে প্রায় ৭৮–৭৯টি প্রস্তুত রয়েছে, যা শিগগিরই ৮০টির বেশি হবে।
ট্রেনে ছাদে ওঠা প্রতিরোধে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি ও ভ্রাম্যমাণ আদালত কাজ করছে বলেও জানান তিনি। বিশেষ করে উত্তরাঞ্চলের রুটে এই নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, স্টেশনে টিকিটবিহীন যাত্রী প্রবেশ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু রয়েছে। পাশাপাশি যাত্রীদের যেকোনো সহায়তার জন্য রেলের ১৩১ হটলাইন সার্বক্ষণিক খোলা রয়েছে।