পরাজিত শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় সব গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
রিজভী বলেন, দীর্ঘ আন্দোলন, আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র ও ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা হতে পারে। এ কারণে দলের চেয়ারম্যানের নির্দেশে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
তিনি বলেন, রথযাত্রা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা তাদের পাশে থাকবেন। কেউ যেন উসকানি দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
রিজভীর দাবি, দেশের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ এখন ঐক্যবদ্ধ। অতীতের মতো বিভেদ সৃষ্টির চেষ্টা সফল হবে না। তিনি বলেন, রথযাত্রাসহ সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে কেউ যেন উসকানি দিতে না পারে, সে জন্য জনগণের পাশাপাশি সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকেও একসঙ্গে কাজ করতে হবে।
সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির কথা উল্লেখ করে রিজভী বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ডসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। খাল পুনঃখনন কর্মসূচির মাধ্যমে কৃষি, মৎস্য উৎপাদন ও পানি ব্যবস্থাপনা উন্নয়নের উদ্যোগও চলমান রয়েছে।
তবে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে সঠিক তথ্য ও জবাবদিহি নিশ্চিত না হলে সরকারের উদ্যোগ বাধাগ্রস্ত হবে।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ফিডিং কর্মসূচিকে মানবিক উদ্যোগ উল্লেখ করে রিজভী বলেন, যেসব এলাকায় খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে, সেসব ঘটনার সঙ্গে জড়িত কর্মকর্তাদের জবাবদিহির আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এ সময় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল ইসলাম এবং ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।