টানা ভারি বর্ষণের মধ্যে বান্দরবান ও কক্সবাজারে পৃথক পাহাড় ধসে শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বান্দরবানের লামায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন এবং কক্সবাজারের চকরিয়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় পাহাড়ধসে দুটি বসতঘর মাটিচাপা পড়ে।
এতে নিহত হন মো. ইউনুস (২৮), তার স্ত্রী রানু আক্তার (২২), চার বছর বয়সী ছেলে মো. সোলেমান, চট্টগ্রামের হালিশহরের মো. জুয়েল (৩৪) ও তার স্ত্রী কুলছুমা আক্তার (২৫)।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ জানান, উদ্ধার হওয়া পাঁচজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে একই দিন ভোরে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মোহছেনিয়া কাটাপাহাড়ি গ্রামে পাহাড়ধসে ঘুমন্ত অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রামে ভারি বৃষ্টিপাত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় মঙ্গলবার দুপুর থেকে কক্সবাজারের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।