দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি মহাসড়কে শক্তিশালী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে।
সরকারের দাবি, কোকেন পাচারের সঙ্গে জড়িত বিদ্রোহী গোষ্ঠী এ হামলা চালিয়েছে। সাম্প্রতিক সময়ের মধ্যে বেসামরিক নাগরিকদের ওপর এটি অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। বিস্ফোরণে অন্তত ৫৬ জন আহত হয়েছেন এবং ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেড্রো সানচেজ জানান, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে কালি ও পোপায়ান শহরের সংযোগকারী প্রধান সড়কে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ১৫ জন নারী রয়েছেন।
এই হামলার জন্য প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ‘ইভান মরডিস্কো’ নামের এক গেরিলা নেতাকে দায়ী করেছেন। তিনি বিলুপ্ত বিদ্রোহী সংগঠন ফার্ক-এর একটি দলছুট অংশের নেতৃত্ব দিচ্ছেন বলে জানা গেছে।
আগামী ৩১ মে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে সহিংসতা বাড়ছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গত সপ্তাহান্তেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অন্তত ৩১টি গেরিলা হামলার ঘটনা ঘটেছে।
বিশ্লেষকদের মতে, ২০১৬ সালে ফার্ক শান্তি চুক্তি-এর পর এ ধরনের বড় হামলা বিরল ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা ও বিদ্রোহ দমন ইস্যু আসন্ন নির্বাচনের প্রধান আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে।
সূত্র: সিএনএন