দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খাল খনন কর্মসূচি দেশের পরিবেশ ও কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। এর মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি মাছের উৎপাদন বাড়বে এবং ফিরে আসবে বাঙালির ঐতিহ্যবাহী “মাছে-ভাতে” সংস্কৃতি।
শুক্রবার ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনের সময় স্থানীয় জনগণের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি খাল পুনঃখনন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।
মন্ত্রী জানান, এই উদ্যোগ শুধু পানি প্রবাহ সচল করবে না, বরং কৃষি, মৎস্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার মতে, খালগুলো পুনরুদ্ধার হলে গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে।
আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রিশালে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত এই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সফরের অংশ হিসেবে তিনি খালপাড়ে একটি তালগাছও রোপণ করবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। উল্লেখ্য, ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।