গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা, নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা এবং একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে এ তথ্য জানান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
গ্রেপ্তারকৃতরা হলেন—গোপালগঞ্জ শহরের চর সোনাকৌড় এলাকার উজ্জ্বল মোল্লা (৪০) ও ওয়াসিম মোল্লা (২৫)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার গভীর রাতে শহরের এলজিইডি মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি নতুন মডেলের সাদা রঙের মাইক্রোবাস তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি লাগেজ ও গাড়ি থেকে মোট ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ টাকা ও গাড়িটি জব্দ করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা গাড়িতে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে গোপালগঞ্জসহ আশপাশের এলাকায় সরবরাহ করতেন। প্রধান অভিযুক্ত উজ্জ্বলের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।