টানা প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় সংকটে পড়া চট্টগ্রামের বাঁশখালীর দুর্গম উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (১৩ জুলাই) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, সপ্তাহব্যাপী চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের উপকূলীয় এলাকাসমূহের মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের পাশে দাঁড়াতে উপকূলীয় অঞ্চলে ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার (১২ জুলাই) কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর উত্তর জলদি সংলগ্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। সেখানে জলাবদ্ধতার কারণে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়া ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উপকূলীয় অসহায় মানুষের পাশে দাঁড়াতে কোস্ট গার্ডের এই মানবিক সহায়তা চলমান রয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরণের কার্যক্রম কোস্ট গার্ড অব্যাহত রাখবে।