চট্টগ্রামের পটিয়ায় ঈদের ছুটিকে কাজে লাগিয়ে মাদক পাচারের সময় ২ হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মুজাফফরাবাদ কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।
গ্রেফতারকৃতরা হলেন মো. জানে আলম (২৬) ও তার স্ত্রী সুফাইরা বেগম (২৪)। তারা কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা পুরাতন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে “ঈগল ওয়ান” নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করা হয়। তল্লাশির সময় সন্দেহভাজন দম্পতির দেহ ও ব্যাগ পরীক্ষা করে ২ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করে তাদের আটক করা হয়।
পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতার দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।